চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। তার দাবি, অস্ট্রেলিয়ান তারকা ইচ্ছে করেই খারাপ খেলেছেন, যেন মনে হচ্ছিল তিনি ভারতের হয়েই খেলছেন!
পাকিস্তানি সংবাদমাধ্যমে সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করে বলেন, 'ম্যাক্সওয়েলকে দেখে মনে হচ্ছিল, তিনি অস্ট্রেলিয়ার নয়, বরং ভারতের হয়েই খেলছেন। কারণ, এক ছক্কা মারার পরই তিনি আউট হয়ে যান। এমনকি বিরাট কোহলির সহজ ক্যাচও তিনি হাতছাড়া করেছেন।'
তিনি আরও বলেন, 'অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ ইনিংসের ভিত্তি গড়ে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। সেখান থেকে অনায়াসেই ৩০০ রান করা সম্ভব ছিল। অথচ ম্যাক্সওয়েল দায়িত্বশীল ব্যাটিং না করে হঠাৎ আউট হয়ে গেলেন। এর পর কোহলির সহজ ক্যাচও ছেড়ে দিলেন। বারবার মনে হচ্ছিল, ম্যাক্সওয়েল যেন ভারতের জন্য খেলছেন।'
এ নিয়ে আইপিএলের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন নাসিম। তার ভাষায়, 'আইপিএলের লোভনীয় চুক্তির কারণে অনেক ক্রিকেটার প্রভাবিত হন। বিশ্বের তারকা খেলোয়াড়রা সেখানে প্রচুর টাকা পান। এবারও ম্যাক্সওয়েল আইপিএলে খেলতে যাচ্ছেন পাঞ্জাব কিংসের হয়ে। এত বড় ম্যাচে তার এমন পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।'
ম্যাক্সওয়েলের এমন ব্যাটিং সত্যিই কাকতালীয় নাকি অন্য কোনো কারণে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি অস্ট্রেলিয়ান তারকা।