আলু পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে গুলি, ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলু পরিবহন কাজের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পর আলু পরিবহন কাজ বন্ধ রয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ভাটি চকে এ ঘটনা ঘটে। এ সময় ২০ রাউন্ড গুলি এবং পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে হোগলাকান্দি গ্রামের লালু গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী করিমখাঁ গ্রামের রমজান গ্রুপের বিরোধ ছিল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন রমজান এলাকার বাইরে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আলু পরিবহন কাজের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়ায় উভয়পক্ষ। অন্যান্য বছরের মতো এবারও লালু গ্রুপের লোকজন একচ্ছত্রভাবে ট্রাক্টরে আলু পরিবহনের কাজ করতে চাইলে বাধা দেন রমজান। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কৃষক রহমতউল্লাহ বলেন, ‘পরিবহনের কাজে অন্য কেউ আসতে পারে না বলে লালু গ্রুপকে বস্তাপ্রতি ২০ টাকা বেশি দিয়ে আলু পরিবহন করতে হয়। অনেক লাভ হওয়ায় কর্তৃত্ব নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এখন আলু পরিবহন বন্ধ। দ্রুত অবস্থার উন্নতি না হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’

এ বিষয়ে জানতে রমজান এবং লালুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে আলু পরিবহন করতে পারেন আমরা সেই ব্যবস্থা করছি।’