কেমন হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের উইকেট?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার লড়াইয়ে আজ দুপুরে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ফাইনাল ঘিরে সবার আগ্রহ দুবাইয়ের পিচ নিয়ে। কেমন হবে ফাইনালের উইকেট? দুবাইয়ের উইকেটের মতো গতানুগতিক? ব্যবহৃত উইকেট না অব্যবহৃত উইকেটে খেলা হবে?

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কৌতুহলের আনেকটাই মিটিয়েছেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল। দুবাইয়ের অন্য তিন ম্যাচের মতো সেই ম্যাচেও উইকেট ছিল মন্থর। সহায়তা পেয়েছেন স্পিনাররা। ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়েছিল নতুন উইকেটে। তবে শুবমান বলেছেন, গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচের উইকেটেই হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল।

সংবাদ সম্মেলনে শুবমান বলেন, ‘আমার মনে হয় না উইকেটের আচরণ ভিন্ন কিছু হবে। এখনও পর্যন্ত এখানে ৩০০ রানের দলীয় সংগ্রহ দেখা যায়নি। আবহাওয়া যেমনই থাকুক, এখানে যে ধরনের উইকেটে আমরা খেলে আসছি সেরকমই থাকবে। দল হিসেবে আমাদের খুব ভালো ধারণা আছে যে, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয় বা বল করতে হয়।’