সিলেট সীমান্ত

নিহত যুবকের লাশ ফেরত দিল ভারত

সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশি যুবক শাহেদ আহমদের (২৬) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৮ মার্চ) রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করে বিএসএফ। নিহত শাহেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে। 

বিজিবি সূত্র জানায়, শাহেদ আহমদ নিহতের ঘটনায় শনিবার রাতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে বিএসএফ ও সেদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর শাহেদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

কানাইঘাট থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে শাহেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে শাহেদ আহমদসহ আরও কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে ভারত থেকে চিনি নিয়ে আসার সময় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় শাহেদ আহমদ। পরে তার লাশ বিএসএফ নিয়ে যায়।