দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে। দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর ও জেলা বিএনপি আয়োজিত গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন সময়ে বাংলাদেশে ফেরার বিষয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি কবে দেশে ফিরবেন, তা নিয়ে সময় নির্ধারণের প্রয়োজন নেই; চাইলে এখনই ফিরতে পারেন। তবে দেশে ফিরলে তাকে আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। জনগণের ওপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।’
খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন। যেকোনো হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলায় তারা সজাগ রয়েছেন। গণমিছিলের মাধ্যমে জনগণকে সেই বার্তাই দেওয়া হচ্ছে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, ‘সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের কোথায়ও সন্ত্রাসীদের অপতৎপরতার খবর পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতার কোনো স্থান নেই। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবে। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পলাতক ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমরা অতীতেও সংগ্রাম করেছি। এই নিষিদ্ধ দলের চোখ রাঙানি উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।’
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
সমাবেশ শেষে একটি গণমিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।