সিলেটের দক্ষিণ সুরমা নদী থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মা ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরের মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তারা।
জীবনানন্দ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
তিনি জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। শিশুটির তিন মাস বয়সে রোগটি ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তার স্ত্রী। শিশুটিকে সারাজীবন রক্ত দিতে হবে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে, এমন চিন্তা থেকে তিনি হতাশায় ভুগছিলেন।
জীবনানন্দ আরও জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এরপরও অবস্থার তেমন উন্নতি হয়নি। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও দাবি করেন জীবনানন্দ।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।