তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে রাজধানীর ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্টের একটি টিম।
অবৈধভাবে গ্যাস সংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগের দুদকের প্রধান কার্যালয় থেকে আজ রবিবার এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের জনসংযোগ শাখা জানায়, অভিযানের শুরুতে দুদক টিম তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কার্যালয় হতে নথিপত্র সংগ্রহ করে। পরে তিতাস গ্যাসের টিমসহ ধানমন্ডির রসনা বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং গ্রিন বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম উভয় হোটেলেই অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পায়। রেস্টুরেন্ট দুটিতে ঝুঁকিপূর্ণভাবে তিতাস গ্যাসের লাইন টেনে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে তিতাস গ্যাস করছে। এতে সরকারের প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।
অভিযানকালে বৈধ সংযোগ গ্রহণের কোনও কাগজপত্র দেখাতে না পারায় রেস্টুরেন্ট দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অসাধু যোগসাজশের মাধ্যমে তিতাস গ্যাসের কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী জড়িত এর সঙ্গে সম্পৃক্ত তা চিহ্নিত করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে।