জয়পুরহাটে কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:২৪ পিএম

জয়পুরহাটে কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় আব্দুর রহমান নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল মোক্তাদির এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌস রিনি।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামের আ. হামিদের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের আরাফাত নগর এলাকার ওই মেয়ে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। আর আসামি একই কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন। ঘটনার মাসখানেক আগে আসামির সঙ্গে ওই মেয়ের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর আব্দুর রহমান মেয়েটির সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করে। একপর্যায়ে কুপ্রস্তাব দিলে মেয়েটি রাজি না হলে আসামি বিভিন্নভাবে হুমকি দেন। এরই জেরে ২০২০ সালের ১ আগস্ট দুপুরে মেয়েটির বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার বাবা-মা বাড়িতে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একই বছরের ৪ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণের মামলা করলে আদালত রবিবার এ রায় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত