নারায়ণগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক ‘সমন্বয়ক’সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুরে এ অভিযান চালায় যৌথ বাহিনী। আটকরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেন।
জানা যায়, সদর হাসপাতালে জিদান সমন্বয়ক পরিচয় দিয়ে স্টাফদের হুমকি-ধমকিসহ বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলেন। পাশাপাশি তিনি হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করতেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে চার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এম এ বাশার জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন ‘সমন্বয়ক’ বলে জানতে পেরেছি।
সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, জিদান আগে রংমিস্ত্রি ইন্টেরিয়রের কাজ করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি পিঠে ছররা গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি সমন্বয়ক বনে যান। তিনি নিজে ইয়াবা কারবারির পাশাপাশি হাসপাতালে দালালিও করতেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘জিদান জেলা কমিটির সংগঠক ছিলেন। আটকের বিষয়টি আমরাও জানতে পেরেছি। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।’