মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন এক রাতের ব্যবধানে পাল্টে গেল সবকিছু। একদিন আগে যেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ৪২২ রানের পাহাড় গড়ে, পরদিন সেখানে মাত্র ৬৯ রানে অলআউট হলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব!
লিজেন্ডস অব রূপগঞ্জের পেস-স্পিন মিলিয়ে বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুরের ব্যাটাররা। এরপর সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভার না পেরোতেই তামিম-সাইফের ব্যাটে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রূপগঞ্জ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। উইকেট হারানোর মিছিলে মাত্র ২৫.৫ ওভারে ৬৯ রানে অলআউট হয়ে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাট থেকে। আরেক ওপেনার নিয়ন জামান করেন ১৪ রান। এছাড়া ফারজান আহমেদ ও আল ফাহাদ ১০ রান করলেও বাকিরা ছিলেন একেবারেই ব্যর্থ।
রূপগঞ্জের হয়ে দারুণ বোলিং করেন রেজাউর রহমান রাজা ও তানভির ইসলাম। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন, আর শেখ মেহেদী নেন ২টি উইকেট।
মাত্র ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের দুই ওপেনার তামিম-সাইফ কোনো উইকেট না হারিয়ে ৯.৩ ওভারেই জয় তুলে নেন। ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন সাইফ হাসান, যার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
অন্যদিকে তানজিদ হাসান তামিম ছিলেন আরও আগ্রাসী। মাত্র ২০ বলে ৩৫ রান করে দলকে সহজ জয় এনে দেন তিনি। ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।
ঢাকা প্রিমিয়ার লিগে এবারই দ্বিতীয়বার ১০ উইকেটের জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। মৌসুমের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। এবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকেও উড়িয়ে দিল সেই একই ব্যবধানে।
শাইনপুকুরের জন্য একদিকে ব্যাটিং ব্যর্থতার হতাশা, অন্যদিকে রূপগঞ্জের জন্য এটি দারুণ আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া এক জয়।