দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তিদানের জন্য ব্যবসায় অঙ্গনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি করতে হলে উদ্যোক্তা এবং তাদের নিয়ে সৎ প্রতিষ্ঠান দরকার। কিন্তু বিগত সময়কালে চেম্বার অব কমার্সগুলো ঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তখন দেশের ভেতরে নির্বাচন হয়নি, এ প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নির্বাচন হয়নি। আর যেখানে নির্বাচন নেই, প্রতিযোগিতা নেই, সেখানে আমরা টেকসই উন্নয়ন করব এটা তো হবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ও ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের দেশে আগের চেয়ে অনেক বেশি টেকসই উন্নয়নের ধারণার প্রসার ঘটেছে এবং গভীরতাও বেড়েছে। এ অর্জনটি আমাদের বেসরকারি খাতের অর্জন। কিন্তু এ অর্জনটি সর্বদা সঠিকভাবে মূল্যায়িত হয় না, এটাও ঠিক।
তিনি বলেন, বাংলাদেশে সাসটেইনেবিলিটির প্রসার ও এর অর্জনের যথেষ্ট স্বীকৃতি নেই। অনেক ক্ষেত্রেই আমরা এটিকে বিশ্বের কাছে এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারিনি। ফলে এর ব্যবসায়িক অর্জনও অনেকটা সীমিত রয়ে গেছে। আবার বেসরকারি খাতের জন্য উপযুক্ত ব্যবসায় পরিবেশ না থাকলে টেকসই ব্যবসা মডেলও তৈরি হবে না। টেকসই মডেলকে আরও প্রসার করতে হলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে হবে এবং সরকারের পক্ষ থেকেও সমর্থন বাড়াতে হবে। এ ক্ষেত্রে অর্থায়ন সমস্যা, জ্বালানি, সরবরাহ, নিয়ন্ত্রণমূলক হয়রানি ব্যবস্থা ও শ্রম পরিস্থিতির মতো বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।
সিপিডি সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি উভয় জায়গা থেকেই কাজ করতে হবে। বিশেষ করে এ ক্ষেত্রে ব্যক্তি খাতের বড় ভূমিকা রয়েছে। বলা যায়, ব্যক্তি খাতের উন্নয়ন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়। তিনি জানান, দেশে এক কোটির মতো উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে। সেখানে শুধু তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো টেকসই উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। তৈরি পোশাক ছাড়াও আরও অনেক খাতের টেকসই উৎপাদনে যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে এসএমইদেরও সচেতন করা প্রয়োজন।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (এসডিজি) শিহাব কাদের, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ এবং কমিউনিকেশন পরিচালক শামীমা আক্তার বক্তব্য রাখেন।