ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন, দাদন ব্যবসা প্রতিরোধ ও অননুমোদিত আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠানের বিষয়ে তদারকি প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। সংশ্লিষ্ট বিষয়ে খুলনার এক বাসিন্দার করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।
রুলে চড়া সুদ নেওয়া অনিয়মিত সুদের কারবারিদের প্রতিরোধে এবং অননুমোদিত প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান, সমবায় সমিতি, দাদন ব্যবসার নামে ব্যক্তি পর্যায়ে লাইসেন্স ছাড়া আর্থিক কর্মকা- পরিচালনাকারীদের মনিটরিং করতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে দেওয়া আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাইক্রোক্রেডিট অথরিটির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার, খুলনার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন খুলনার সোনাডাঙ্গার শচীন্দ্র নাথ শীল। তার পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।