পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার মাস

রমজান ইসলামি ক্যালেন্ডারের নবম মাস। যা বিশ্বের মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত একটি মাসরূপে বিবেচিত। ইসলামের আবির্ভাবের পর দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ করা হয়। এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, ‘রমজান সেই মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।’ (সুরা বাকারা ১৮৫)

রমজানের ফরজ রোজা ছাড়াও এ মাসে ইসলামের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে থাকে। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। এটি ছিল ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ বিজয়। হিজরি অষ্টম সনের রমজান মাসেই মুসলমানরা মক্কা বিজয় করে। হজরত রাসুলুল্লাহ (সা.) মক্কায় প্রবেশ করে কাবা শরিফকে মূর্তিপূজা মুক্ত করেন। যার ফলে রমজান ঐতিহাসিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রোজা পালনকে বিশেষ ইবাদত, আত্ম নিয়ন্ত্রণ ও আত্ম-অনুশীলনের মাধ্যমে নিজেদের উত্তম ধাঁচে গঠন করার মহৎ লক্ষ্যে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম রমজানকে স্বাগত জানান। এই মাস আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে সম্পর্ক আরও গভীর করে তোলে। রমজানের মূল অনুশীলন হলো রোজা পালন। যা শুধুমাত্র খাদ্য-পানীয় ও শারীরিক সম্বন্ধ থেকে নয়, বরং অসৎ চিন্তা, খারাপ কথাবার্তা, ঝগড়াঝাঁটি, অলসতা ও সময় নষ্টসহ যাবতীয় বদভ্যাস থেকেও বিরত থাকাকে বোঝায়। রমজান মাসে মুসলিমরা এ সমস্ত বাজে অভ্যাস থেকে নিজেদের বিরত রাখার মাধ্যমে আত্মসংযমের শিক্ষা গ্রহণ করতে সচেষ্ট হন। এই মাস ধৈর্য চর্চারও উত্তম সময়। ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি সত্ত্বেও মুসলমানরা ধৈর্যের সঙ্গে রোজা পালন করেন, যা কঠিন পরিস্থিতিতে অটল থাকার মতো মহৎ গুণ অর্জন করতে শেখায়।

রমজান মাসে ধনী ও গরিব-দুঃখী সবাই একসঙ্গে রোজা পালন করেন। ধনী ব্যক্তিরা সাধারণত স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেন এবং ক্ষুধা ও কষ্টের প্রকৃত অনুভূতি খুব কমই বোঝেন। তবে রোজা পালন করার মাধ্যমে তারা ক্ষুধার কষ্ট অনুভব করেন এবং দুঃখী-অসহায়দের দুর্দশা উপলব্ধি করতে পারেন।

রমজান আত্ম-পর্যালোচনা ও শৃঙ্খলা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়। এ মাসে মুসলমানরা তাদের দৈনন্দিন কাজকর্ম, অভ্যাস, চালচলন ইত্যাদি মূল্যায়ন করে উত্তম চরিত্র গঠনে সচেষ্ট হন। অনেকে এ মাসে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার, পরনিন্দা, পরচর্চা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মতো খারাপ অভ্যাস পরিত্যাগ করে কোরআন তেলাওয়াত, দান-সদকা ও পরোপকারের মতো ইতিবাচক অভ্যাস গড়ে তোলেন। এ ছাড়া সাহরি, ইবাদত-বন্দেগি, ইফতারসহ যাবতীয় কার্যাবলি একটি নির্দিষ্ট সময় মোতাবেক করার ফলে শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জন করা সম্ভব।

রমজান পারিবারিক ও সামাজিক সম্পর্ককে দৃঢ় করে। পরিবারের সদস্যরা একত্রে সাহরি ও ইফতার করেন, যা পারস্পরিক ভালোবাসা ও ঐক্য বৃদ্ধি করে। মসজিদগুলো নামাজিদের ভিড়ে পূর্ণ থাকে, যা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সৃষ্টি করে। একসঙ্গে ইফতার, নামাজ আদায় এবং দান-সদকার মাধ্যমে অন্যের পাশে দাঁড়ানোর এই অভ্যাস মুসলিম সমাজের একতা ও সংহতি দৃঢ় করে।

মোটকথা, রমজান শুধুমাত্র রোজা পালনের মাস নয়, এটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, মানবিকতা ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের একটি মাস। এটি মুসলমানদের হৃদয় ও চিন্তাকে বদলে দেয়, আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি করে। এ পবিত্র মাসে অর্জিত শিক্ষা ও গুণাবলি শুধু রমজান মাসেই সীমাবদ্ধ নয়, বরং এটি সারা বছরের জন্য একজন মুমিনের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে। রমজানের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা মুসলমানদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যা তাদের ইমানকে মজবুত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে পরিচালিত করে।

লেখক : প্রিন্সিপাল, পদুয়া কাসেমুল উলুম মাদ্রাসা, ফেনী