কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নেতারা জানিয়েছেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা আগের অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার।
গতকাল শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় সংগঠনটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হকসহ বাপার অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।
এ খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উৎসে কর ১ শতাংশ থেকে কমানোর দাবি জানিয়ে অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উৎসে কর ১ শতাংশ থেকে কমানো হোক। তা ছাড়া বিদেশে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে রপ্তানিতে অবদান রাখার জন্য চুক্তিভিত্তিক উৎপাদন (কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং) করে এর বিপরীতে এসএমই প্রতিষ্ঠানের জন্য সরকারি নগদ সহায়তার প্রস্তাব করা হয়।
অনুষ্ঠানে বাপার মান ও সক্ষমতা বাড়ানোর জন্য ঢাকা অথবা আশপাশে জমি কেনার পাশাপাশি গবেষণা ল্যাব, প্রশিক্ষণকেন্দ্র, লাইব্রেরি কমপ্লেক্স নির্মাণের জন্য পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বাপার প্রায় দুই শতাধিক সদস্য এ সময় এজিএমে উপস্থিত ছিলেন। সভায় ২৩তম এজিএমের কার্যবিবরণী অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক। এরপর সাধারণ সম্পাদক বিগত বছরের সব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।