সিরাজগঞ্জ পৌর শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লায় রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরজগঞ্জ সদর উপজেলার বহুলী দক্ষিণপাড়া গ্রামের পঞ্চানন দাসের ছেলে কমল চন্দ্র দাস (৩৫), কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক শেখের ছেলে রাজা শেখ (৪২)। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শিবনাথপুর গ্রামের আব্দুল খালেক (৫৫) ও জান্নাতুল ইসলাম (২৭)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য পাঁচ শ্রমিক মাটি খনন করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বাড়ির দেয়াল ধসে তারা সবাই চাপা পড়েন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠান। জেনারেল হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া বেসরকারি মেডিনোভা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরেক শ্রমিককে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাটি থেকে পাঁচ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশের একটি বাড়ির ছয় থেকে সাত ফুট উঁচু দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক চাপা পড়েন। হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়।