নরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মিহাদ ইসলাম (১৮) ও শনিবার সকালে আসাদুজ্জামান আসাদের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিহাদ ঢাকার মিরপুরের পলাশনগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল ৪টায় চার বন্ধু মিহাদ ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মো. তানভীর ও মো. সামির খান শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের মধ্যে পড়ে মিহাদ ইসলাম ও আসাদুজামান আসাদ পানির নিচে তলিয়ে যায়। বাকি দুই বন্ধু তানভীর ও সামির তীরে উঠতে সক্ষম হয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সকালে আসাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আসাদ ও রেজাউল তানভীর ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করত। সামির খান ও মিহাদ ঢাকা থেকে তাদের কাছে বেড়াতে এসেছিল। ছোটবেলা থেকেই এই চার বন্ধু রাজধানীর পল্লবী এলাকায় একসঙ্গে চলাফেরা করেছে।