জাহাজে নাবিকের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

সিঙ্গাপুরের জাহাজে প্রায় ৩ বছর আগে বাংলাদেশি নাবিক আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা হলেও তদন্তই শেষ হয়নি এখনো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবপুর হরিপুর গ্রামের হারুন অর রশীদের ছেলে আব্দুর রহমান ২০২১ সালের ৭ অক্টোবর সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে নাবিক হিসেবে যোগ দেন। ২০২২ সালের ১ জুন জাহাজের ভেতর সন্দেহজনকভাবে মারা যান তিনি। এ ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় অপমৃত্যুর মামলা হয়। এরপর পরিবারের পক্ষ থেকে প্রায় দুই বছর থানায় থানায় ঘুরেও হত্যা মামলা করতে পারেনি। পরে উচ্চ আদালতে রিট করলে ২০২৪ সালের জুন মাসে ঢাকার বিমানবন্দর থানা হত্যা মামলা গ্রহণ করে। এ মামলায় জাহাজে কর্মরত ৬ জনকে আসামি করা হয়। কিন্তু হত্যা মামলার দুই বছরেও তদন্তের কাজই শেষ করেনি পুলিশ।