টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী নেতারা। বৈঠকে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্বারোপ করেছে জামায়াত। গতকাল শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতাদের সঙ্গে এ গোল টেবিল বৈঠক হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা।

বৈঠক শেষে ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি। জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।’

তিনি বলেন, ‘জাতিসংঘ মহাসচিবও আমাদের বেশিরভাগ বক্তব্যে সমর্থন প্রকাশ করে বলেছেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে সহযোগিতা করবেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী। তাকে জামায়াতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি।’