সৌদি আনছে ৬ হাজার কোটির লিগ! আইপিএলের দিন ফুরোচ্ছে?

বিশ্বজুড়েই এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের রমরমা চলছে। অখ্যাত ক্রিকেট খেলুড়ে দেশেও এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হয়। সৌদি আরব কেন পিছিয়ে থাকবে? তেল সমৃদ্ধ এশিয়ার দেশটি নাকি নতুন একটি ফ্র্যাঞ্চাইজি লিগ চালুর চিন্তা করছে। আর এর পরিকল্পনার পেছনে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যবস্থাপক নিল ম্যাক্সওয়েল।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বহু বছর ধরেই জনপ্রিয়তার শীর্ষে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সকল ক্রিকেটার এই লিগে খেলার জন্য মুখিয়ে থাকে, সুযোগ হয় সামান্যই। জনপ্রিয়তার পাশাপাশি টাকার ওড়াওড়ি আর তারকার সমাগমে আইপিএলের ধারেকাছেও আর কোনো লিগ নেই। এবারের আইপিএল মেগা নিলামও অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায়।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ৬৯ কোটি টাকা। এ ব্যাপারে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনাও চলছে। তবে নিল ম্যাক্সওয়েলের পরিকল্পনায় এই লিগটি হবে কিছুটা ভিন্ন ধরনের।

টেনিসে বছরে চারটি গ্র্যান্ড স্লাম হয়—অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। একইভাবে সৌদিও বছরের আলাদা সময়ে ভিন্ন চারটি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও থাকবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ক্রিকেটের তিন মোড়লের বাইরে নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া, যাতে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে।