ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে প্রথমবারের মতো সামনাসামনি দেখেই মুগ্ধ তাসকিন আহমেদ। তার চোখে, শাকিব শুধু সুপারস্টার নন, একেবারে লিজেন্ড! রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের শত বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ এবং বিএসটিআই সনদ লাভের ঘোষণা দেয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব ভাই লিজেন্ড। তবে টিভির পর্দার চেয়েও বাস্তবে তাকে দেখতে আরও সুন্দর!’ শাকিব বললেন, ‘তাসকিন তো এখন হিরো!’
অনুষ্ঠানে তাসকিনের প্রশংসায় শাকিব খান বলেন, ‘বিপিএলে তাসকিন দুর্দান্ত খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে! সিনেমায় কাজ করলে আমার সঙ্গে নয়, বরং তাকে একাই হিরো হতে হবে।’
এ সময় শাকিব তার দল ঢাকা ক্যাপিটালসের তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমের প্রশংসাও করেন। তিনি বলেন, ‘তানজিদ তামিম বিপিএলে অসাধারণ খেলেছে। সেও একদিন বড় হিরো হবে!’
শাকিব খান জানান, রিমার্কের হাত ধরে বৈশ্বিক হালাল কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের শত বিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করল বাংলাদেশ। এর মাধ্যমে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘এই অর্জন শুধু রিমার্কের নয়, বরং পুরো বাংলাদেশের। বিএসটিআই আমাদের হালাল সার্টিফিকেট দেওয়ায় আমরা আজ বিশ্ববাজারে প্রবেশ করতে পারলাম। রিমার্কের মাধ্যমে আমরা হালাল কসমেটিকসের বাজারে শক্ত অবস্থান তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবো।’
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যেই সিনেমাটির টিজার ও গান দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে শুধু দেশে আলোচনা হতো। এখন আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিকরাও কথা বলছেন। এর মানে, আমাদের সিনেমা বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে।’
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার তানজিদ হাসান তামিম, অভিনেতা মামুনুর রশীদ ইমন, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, শবনম ফারিয়া ও কেয়া পায়েল এবং বিএসটিআই-এর কর্মকর্তারা।