'মানুষ পাকিস্তানের হার দেখার জন্য অপেক্ষা করে'

বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের ব্যর্থতা চলছে অবশ্য গত কয়েক বছর ধরেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত দুটি ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।

সংস্করণ বদলালেও পাকিস্তানের পারফরম্যান্স বদলায়নি। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে তারা হেরে গেছে খর্বশক্তির প্রতিপক্ষের কাছে। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৯১ রানে গুটিয়ে ম্যাচ হারে তারা ৯ উইকেটে। ডানেডিনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি হয় তাদের ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে তারা করে ৯ উইকেটে ১৩৫ রান। তবে ইউনিভার্সিটি ওভালের রানপ্রসবা ছোট মাঠে তা যথেষ্ট হয়নি। নিউজিল্যান্ড ৫ উইকেটে জিতে যায় অনায়াসে। 

ম্যাচটিতে বল হাতে দুই উইকেট নেওয়া রউফ সংবাদ সম্মেলনে বললেন, তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া উচিত।
“পাকিস্তানে খেলোয়াড়দের সমালোচনা করা এখন সাধারণ বিষয়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। অন্য দলগুলোর দিকে তাকালে দেখা যাবে, তরুণদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তাদের ১০-১৫টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সময়টায় সংগ্রাম করতে হয়, তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে এখন এটা (সমালোচনা) সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ আমাদের হার দেখার জন্য অপেক্ষা করছে।”

দুই সিনিয়র ক্রিকেটার রিজওয়ান ও বাবর আজমকে বাদ দিয়ে সালমানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন শুরুর লক্ষ্যে এই সফরে গেছে পাকিস্তান। রউফ বললেন, নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তারা।

“আমরা আমাদের সেরাটা দিচ্ছি এবং দল গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। সিনিয়র হিসেবে আমরা তরুণদের অনুপ্রাণিত করছি এবং বলছি আন্তর্জাতিক ক্রিকেট কেমন।”

পাচ ম্যাচ সিরিজ হার এড়াতে আগামী শুক্রবার অকল্যান্ডে তৃতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।