সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ নানা কৌশল অবলম্বন করে অপরাধীদের ধরতে তৎপর হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের প্রাণী গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনজিল আহমেদ ছিনতাইকারী ধরার জন্য সাদা পোশাকে ফাঁদ পেতে প্রাণী গবেষণা ইনস্টিটিউট থেকে ঢাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিন ব্যক্তি রিকশা যোগে এসে তার গতি রোধ করে ছুরি বের করেন। তবে এসআই আনজিল কোনো সুযোগ না দিয়ে ছুরি ধরা ছিনতাইকারীকে জাপটে ধরেন। তখন পাশে অবস্থানকারী অন্য পুলিশ সদস্যরা এসে আরেকজনকে আটক করতে সক্ষম হয়। আটক দুই ছিনতাইকারীকে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সম্প্রতি মহাসড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ আগের চেয়ে আরও বেশি তৎপর রয়েছে। অপরাধীদের ধরতে সোর্স নিয়োগসহ বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
ওসি আরও জানান, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিত্য নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। মঙ্গলবার রাতের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাইওয়ে পুলিশের এই সফল অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, পুলিশের তৎপরতা বাড়লে মহাসড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা কমে আসবে।