সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোদিয়া চাঁদপুর ইউনিয়নের করুণা বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণ ছিল ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।
আহতরা হলেন সোদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) এবং মুকুল সিকদার (৫০)। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, গতকাল বিকেলে সোদিয়া চাঁদপুর ইউনিয়নের করুণা বাজারে রওশন আলী মেম্বার গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করে। একই সময়ে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল করিম মোল্লা গ্রুপও ইফতার মাহফিলের আয়োজন করে। রওশন আলী গ্রুপের লোকজন বিদ্যালয় মাঠে এসে আব্দুল করিম গ্রুপকে বাধা দিয়ে একত্রে ইফতার করতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করেন, মঞ্জু সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূল নেতাকর্মীদের হামলা করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, পূর্বনির্ধারিত ইফতার মাহফিল পণ্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এতে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রশওন ইয়াজদানি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি। বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের চেষ্টাই এ সংঘর্ষের মূল কারণ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে ২ যুবক নিহত
ফ্রান্সে ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় বিপাকে বাংলাদেশিসহ এশিয়ান নাগরিকরা