খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের সদস্য নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের সদস্য অন্তিন ত্রিপুরা নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন। 

আজ বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ হামলা চালানো হয়।  

নিহত অন্তিন ত্রিপুরা মায়াকুমার পাড়া বাসনা ত্রিপুরার ছেলে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর হঠাৎ হামলা চালানো হলে অন্তিন ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। তিনি এ ঘটনার জন্য সন্তু লারমা জেএসএসকে দায়ী করেছেন।

তবে সন্তু লারমা দলের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।  

মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।