মুন্সীগঞ্জে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগের বিধি সংশোধনের দাবি ও ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সদরের মিরকাদিম পৌরসভার মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি মিরকাদিমের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের উপকণ্ঠ মুক্তারপুর ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের মুখে সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এসময় সেতুর পূর্ব প্রান্তে মুক্তারপুর থেকে সিপাহীপাড়া ও সেতুর পশ্চিম প্রান্তে মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের কয়লাঘাট পর্যন্ত উভয় পাশে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি শিগগিরই দাবি পূরণের আশ্বাস দিলে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।