গুলশানে গুলিতে নিহত ‘টেলি’ সুমনের বিরুদ্ধে ছিল ৬ মামলা

রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয়েছে টেলি সুমন (৩৩) নামের এক যুবককে, যিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে ছয়টি মামলা ছিল।

গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানের পুলিশ প্লাজার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএম নজরুল ইসলাম। 

তিনি বলেন, ‘নিহত ব্যক্তির বিস্তারিত পাওয়া গেছে। তার নাম টেলি সুমন। তার বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। সে-ও একটি গ্রুপের সদস্য। আন্তঃগ্রুপ কোন্দল থেকে হত্যা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’

হত্যাকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, গতকাল রাত ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বী পার্কের কোণায় সুমনকে গুলি করে হত্যা করা হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, সুমন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুমনের পরিবারের দাবি, ব্যবসায়িক বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

তার পরিবারের সদস্যরা জানান, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে তিনি ব্যবসা ছাড়তে বাধ্য হন।

সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া বলেন, ‘মহাখালী টিবি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে। সুমনের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল।’

নিহতের স্ত্রী মৌসুমী বলেন, ‘সুমন ইন্টারনেটের ব্যবসা করতো। মহাখালী এলাকায় সংযোগ দিতো। বিরোধী পক্ষ নানা হয়রানি করে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করেছে। সব লাইন কেটে দেয় তারা।’

হত্যাকাণ্ডের পর ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে ডিএমপি।