চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:৪৬ এএম

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তালতলা বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি দরে, যা দুই দিন আগেও ছিল ১৯০-২০০ টাকা।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মুরগি বিক্রেতা মো. বেলাল উদ্দিন বলেন, ‘রোজার ঈদের আগে সাধারণত মুরগির দাম কিছুটা বাড়ে। এ সময় পাইকারি বাজারে কম সরবরাহের কারণে দাম বৃদ্ধি পেয়েছে।’

তবে, সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ১০-২০ টাকা বেশি ছিল। ফার্মের মুরগির ডিমের দামও কম রয়েছে, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়।

গরু ও খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। গতকাল প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ১৫০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে লেবু ও বেগুনের দাম এখনো চড়া। এক হালি লেবুর দাম ৪০-৭০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজি দরে। তবে আলু, পেঁয়াজসহ বেশ কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে।

সরু মিনিকেট চালের দাম গত দুই সপ্তাহে কেজিতে ৫-৮ টাকা বেড়েছে। বাজারে জনপ্রিয় রশিদ, ডায়মন্ড, সাগর, মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৮৫-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। মোজাম্মেল ব্র্যান্ডের চালের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি ৯৮-১০০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আমন মৌসুম শেষ হয়ে আসায় চালের সরবরাহ কমছে, ফলে দাম বৃদ্ধি পেয়েছে।

বাজারে ঈদের পণ্য কেনাকাটা শুরু হয়েছে। সেমাই, নুডলস, পোলাওয়ের চাল, বিভিন্ন ধরনের মসলা ক্রয় করছেন ক্রেতারা। তবে পাঁচ-ছয় দিন পর বেচাকেনা আরও বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এলাচির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে বড় আকারের এলাচি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা এবং ছোট আকারের ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত ১৫ দিনে এলাচির দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় তা এখনো পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

বাজার পরিস্থিতি অনুযায়ী, ঈদ যত এগিয়ে আসবে, তত কিছু নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত