ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, শুক্রবার ভোর রাতে ১৫-২০ জনের একদল ডাকাত পিস্তল, রামদা, শাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙে  ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ঘরে থাকা আলমারির চাবি না দেওয়ায় তাকে (কবির), তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতরা আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় কবির হোসেনের প্রতিবেশীরা টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, ৯৯৯-এ ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।