আইপিএলের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা

আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের অষ্টাদশ আসর। গত ১৭টি আসরে কখনই আইপিএলের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি, কিন্তু এবার সেই আশঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টিও পড়ছে। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা ঠিকঠাক অনুশীলনও করতে পারেননি।

আইপিএলের লিগ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে থাকে না। ফলে বৃষ্টি নামলে ওভার কর্তন করে ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার কথা। ওভার কর্তন করা হলেও ফলাফলের জন্য কমপক্ষে ৫ ওভার করে দুই ইনিংসে খেলা হতে হবে। সেইসঙ্গে নিয়মানুযায়ী ম্যাচ স্থানীয় সময় রাত ১২.০৬ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

আজ যদি ৫ ওভারের ম্যাচও হয়, সেটা শুরুর শেষ স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিট। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে। তবে ইডেনের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই উন্নত। তাই খেলা মাঠে গড়ানোর আশায় আছেন সবাই।