আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গোলপোস্ট সামলাবেন কে?

এ সপ্তাহেই বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমার ইনজুরিতে ছিটকে গেছেন। ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলো- গোলকিপার আলিসন বেকারের চোট। আর্জেন্টিনা ম্যাচে তার বাইরে থাকা নিশ্চিত হয়ে গেছে। তার জায়গায় কে সামলাবেন ব্রাজিলের গোলপোস্ট?

গতকাল কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন আলিসন। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে তিনি ছিটকে গেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে তার জায়গায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। আলিসনের জায়গায় ওয়েভেরতনকেই দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিল স্কোয়াডে ৪টি পরিবর্তন আনা হয়েছে। গোলকিপার ছাড়াও বাইরে চলে গেছেন কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখা সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাদের জায়গায় ডিফেন্ডার বেরালদো ও মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে আনা হয়েছে। এছাড়া উরুর চোটে আক্রান্ত গারসনের জায়গায় এসেছেন এদেরসন।

ব্রাজিল স্কোয়াডে এখন গোলকিপার তিনজন। পালমেইরাসের ওয়েভেরতনের পাশাপাশি বেন্তো আর লুকাস পেরি আছেন। এদের মাঝে কলম্বিয়া ম্যাচে আলিসন মাঠ ছাড়ার পর ব্রাজিলের গোলপোস্ট সামলেছেন আল নাসর গোলকিপার বেন্তো। তবে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকায় ওয়েভেরতনকেই আর্জেন্টিনা ম্যাচে গোলপোস্টের সামনে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।