গত বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে এক ম্যাচ খেলেই বিপত্তিতে পড়েছিলেন সাকিব আল হাসান। একমাত্র ম্যাচটিতে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে এবং তার বোলিং নিষিদ্ধ করা হয়। লম্বা সময় পর অ্যাকশনের পরীক্ষায় পাস করে সাকিব এখন আবারও অল-রাউন্ডার রূপে ফিরেছেন। কিন্তু এই মৌসুমে সারে কি তাকে দলে নেবে?
গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। লন্ডনের ওভাল মাঠের পাশে একটি হোটেলে থেকে সারের অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পান। দুই সপ্তাহ ধরে তিনি সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবং কোচ গ্যারেথ বেটির সঙ্গে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, সাকিব অ্যাকশন পরীক্ষায় পাস করলে এবারও হয়তো তাকে দলে নেবে সারে।
অনুশীলন বিষয়ে সারের প্রধান কোচ গ্যারেথ বেটি সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশিকে বলেছেন, ‘সাকিবের কাছ থেকে আমার কাছে একটি ফোন কল এসেছিল। সে তার অ্যাকশন সংশোধনের জন্য কাজ করতে চেয়েছিল। যখন সে আমাদের হয়ে খেলছিল, তখন তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। তাকে সাহায্য করার ব্যাপারে আমার মনে কোনো সংশয় ছিল না, তাই আমি তাকে সাহায্য করেছি।’
গ্যারেথ বেটি আরও বলেন, ‘বিষয়টি খুবই সহজ, সে এখানে কিছু কাজ করতে এসেছিল। তার অ্যাকশন এখন বৈধ। এটাই আমাদের যেকোনো খেলোয়াড়ের প্রতি কর্তব্য। সাকিব খুব বিখ্যাত একজন খেলোয়াড়। যুক্তিযুক্তভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার ছিল, যদিও তা এখন অপ্রাসঙ্গিক। সে একজন মানুষ যে আমাদের হয়ে খেলেছে এবং তার দেখাশোনা করা আমাদের কর্তব্য।’
সাকিবকে এই মৌসুমে দলে নেওয়া হবে কিনা- এ বিষয়ে সারে কোচ বলেন, ‘আমার মনে হয় না, এই মুহূর্তে সাকিবকে সারের হয়ে খেলানোর কোনো পরিকল্পনা আমাদের আছে। আবার সব সম্ভাবনা বাতিল হয়ে গেছে- সেটা বলাও ভুল হবে। কারণ, আমরা জানি না কী পরিস্থিতি তৈরি হবে সামনে। এটি (সারেতে অনুশীলন) ছিল কেবল দুজন মানুষের অন্য একজনকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা।’
সাফ চ্যাম্পিয়ন ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
‘আমি বলটা মারলাম, সৌভাগ্যক্রমে জালে চলে গেল’!
মেসি-মার্টিনেজকে ছাড়া এমন জয়ে মহাখুশি স্কালোনি
চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের কারণ পরকীয়া?