শেরপুরে সড়ক ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরুয়া বটতলা থেকে ভবানীপুর মৎস্য অফিস পর্যন্ত এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গত শুক্রবার বিকেলে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় সড়কের আশপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।  শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, ‘সড়ক দখল করে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিসসহ মাইকিং করা হয়েছে। এর মধ্যে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’ প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরে সড়ক-ফুটপাত দখল করে ‘ভাড়া বাণিজ্য’ শিরোনামে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়।