হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

গতকাল শনিবার সকালে কেইপিজেড গেট এলাকায় পিএবি সড়কে অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা এলাকা থেকে বন্যহাতি সরানোর দাবি জানান। পরে দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আশ্বাসে সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় একটি বন্যহাতি ইব্রাহীমের টিনের ঘরে ভাঙচুর শুরু করে। প্রাণে বাঁচতে তার স্ত্রী খজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হলে হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। হাতির আক্রমণে শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল সকালে শিশুটির লাশ নিয়ে কেইপিজেড এলাকায় পিএবি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী।