মির্জাপুরে মহিষ ব্যবসায়ীদের থেকে ৭৮ লাখ টাকা ডাকাতি

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ডাকাতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিষ ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।  

জানা গেছে, মির্জাপুর উপজেলার কাইতলা গরু-মহিষের হাটে ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। নয়াপাড়া এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি হাইচয়েস গাড়ি নিয়ে দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়ে ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাদের সাথে থাকা দুটি ব্যাগে ভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।