নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইসহাক মিজি নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত ইসহাক মিজি (৪৫) চাঁদপুরের মতলব নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিকের মালিকানাধীন একটি অটোরিকশা (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালীর রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা বাইরে বের হয়ে দেখেন, ৩-৪ জন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং একজন মাটিতে পড়ে আছে। তখন দাঁড়িয়ে থাকা লোকজন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে একজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসীর দাবি, বাকি দুইজন পাশের ডোবায় লাফিয়ে পালানোর চেষ্টা করে। তাদের ধরতে স্থানীয়রা ডোবার চারদিক ঘিরে রাখে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের ভাগিনা শরিফ লাশ সনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে শরিফ নগদ ৮ হাজার ৮০০ টাকা পেয়েছে এবং অটোরিকশার গ্যারেজ মহাজন শফিক সনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এরসাথে যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বনবিভাগ
টিভিতে আজ যেসব খেলা
ফোন কেড়ে নেওয়ায় বাবাকে হত্যা করল ছেলে