ফেনীর দাগনভূঞার বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফ অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লি মারা গেছেন। আজ রবিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। মৃত নুর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।
বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের ১০ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে নুর আলম বাবুল ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে জানালে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। বিকেল ৩টায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।