স্বাগতিক ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে শিলংয়ে আছে বাংলাদেশ ফুটবল দল। হামজা-জামালরা ভারতে যাওয়ার পর থেকেই অনুশীলন মাঠ নিয়ে অসন্তুষ। ম্যাচের দুদিন বাকি থাকায় আজ রবিবার অফিসিয়ালি বাংলাদেশের মাঠ পাওয়ার কথা ছিল অনুশীলনের জন্য। তবে দুপুর পর্যন্ত মাঠ পাওয়া নিয়ে গলদঘর্ম হতে হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ অনুশীলন করেছে জওহরলাল নেহরু স্টেডিয়ামের টার্ফের মাঠেই।
এদিকে শিলংয়ের আবহাওয়ার মতিগতি বোঝা বড় মুশকিল। এই বৃষ্টি তো, এই রৌদ্র। আজ বাংলাদেশের অনুশীলনের সময় ছিল তীব্র ঠান্ডা। খানিক সময় হয়েছে শিলা বৃষ্টি।
অনুশীলন শেষে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, 'অনেকগুলো ম্যাচই খেলেছি ভারতের সঙ্গে। এবারের ম্যাচটা ব্যতিক্রম। কারণ কি একটা হাইপ উঠেছে। বাংলাদেশের মানুষ ইতিবাচক, আমাদের দিকে তাকিয়ে আছে। বড় দয়িত্ব থাকবে আমার। সবচেয়ে বড় ব্যপার হল গোল কনসিড না করা। সে সঙ্গে দলকে উজ্জীবিত করা। আমার সঙ্গে (রক্ষণে) যে তিনজন থাকবে, তাদের নিয়ে ভাল একটা ফাউট দেওয়ার চেষ্টা করবো।'
অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীকে নিয়ে সতর্ক থাকছেন তপু। 'ভারত সবসময় ভালো দল। তাদের খেলোয়াড়রা আইএসএল খেলে এসেছে। সুনীল ছেত্রীর কথা বলি সে অবসরে যাওয়ার পর কিন্তু ভারত ম্যাচ জিতেনি। দলের জন্য অনুপ্রেরণা। সে ফেরার পর কিন্তু ম্যাচ জিতেছে। তার ওপর বাড়তি নজর দিতে হবে।'
ভারতে আসার আগে একদিন কিংস অ্যারেনাতে দলের সঙ্গে অনুশীলন করেন হামজা চৌধুরী। বাংলাদেশের স্কোয়াডে থাকা বাকিরা তারও আগে থেকে সৌদি আরবে ক্যাম্প করেছে। তবে তপু জানিয়েছেন, হামজা দলের খেলোয়াড়দের সঙ্গে মিশে গেছেন। 'হামজা আমাদের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ভালভাবে মিশেছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তার সঙ্গে সবসময় ফুটবল নিয়ে কথা হয় না, পরিবার নিয়েও কথা হয়। খাবার-দাবার নিয়েও কথা হয়। সেও আমাদের সঙ্গে কথা বলে যে কিভাবে আরও উন্নতি করা যায়।'
প্রতিকূল আবহাওয়া এবং মাঠ সমস্যায় অনুশীলনে ব্যাঘাতের পর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কেমন করে সেটি দেখার।