দেশের বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার দুটি আন্তর্জাতিক এবং একাধিক বিভাগীয় ও জেলা পর্যায়ের স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নতুন নাম শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স করা হয়। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয় ছয় বছরের শিশু রিয়া গোপ। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানে সে। তার স্মরণেই এবার নারায়ণগঞ্জের স্টেডিয়ামের নতুন নামকরণ করা হলো।
এদিন বিভাগীয় পর্যায়ে আরও দুটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নতুন নাম হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। গত ১২ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে ১৫০টি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম বদল করে সংশ্লিষ্ট উপজেলার নামে নতুন নামকরণ করা হয়।
এর আগে গত মাসে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এই পরিবর্তনগুলোর ফলে দেশের ক্রীড়া অবকাঠামোর নামকরণে নতুন অধ্যায় সূচিত হলো।
সালাউদ্দিনের সঙ্গে ক্যাম্প করতে চেয়েছিলেন সাকিব, উত্তর দেয়নি বিসিবি
সর্বোচ্চ রানের ম্যাচে ৪৪ রানের হার রাজস্থানের