বাংলাদেশের বিপক্ষে ‘আবেগ ও রোমাঞ্চকর’ ম্যাচ হতে যাচ্ছে ভারতের 

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে সেটা ক্রিকেটে। ফুটবলে সমর্থকদের মাঝে লড়াই হাড্ডাহাড্ডি হলেও মাঠের লড়াইয়ে সবসময় ভারতই এগিয়ে। আর একদিন পরেই আরেকটি লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এরই মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। 

ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানও ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি মনে করেন, ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই আবেগ আর রোমাঞ্চের মিশেল।

সন্দেশ বলেন, ‘যখনই আমরা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ ও রোমাঞ্চ মিশে থাকে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এটা প্রত্যাশা করতে পারেন। তবে অধিকাংশ সময় আমরাই তাদেরকে টপকে সাফল্য পেয়েছি।’ 

মুখোমুখি সাক্ষাতে ভারত বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১৬ বার, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের তিনটি জয়ই এসেছে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। দীর্ঘ ২২ বছরের সেই জয়খরা এবার কাটাতে চায় বাংলাদেশ। 

বাংলাদেশের স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো মিডফিল্ডার হামজা চৌধুরীর উপস্থিতি বাড়তি শক্তি যোগাচ্ছে। তাকে ঘিরে বেশ সতর্ক ভারতীয় শিবিরও। ভারতীয় কোচ মানাকো মারকেজ হামজাকে ঘিরে আলাদা পরিকল্পনা করছেন বলে জানা গেছে। 

বাংলাদেশ ঘাসের মাঠে একদিন অনুশীলন করে পরবর্তী দুই দিন জওয়াহেরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের টার্ফে অনুশীলন করেছে। অন্যদিকে ভারত টানা তিন দিন ম্যাচ ভেন্যুতে রুদ্ধদ্বার অনুশীলন করেছে। গণমাধ্যমের প্রবেশে ছিল কড়া নিষেধাজ্ঞা। কৌশল গোপন রাখতে চায় ভারতের কোচ মারকেজ। 

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।