তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। এনজিওগ্রামে ব্লক ধরা পড়ায় প্রতিস্থাপন করা হয়েছে রিং। বর্তমানে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের কার্ডিয়াক কেয়ার সেন্টারে (সিসিইউ) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

তামিম যেদিন হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি সেদিন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। এক ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তামিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য কঠিন সময়টা যেন ভালোভাবে কাটে! ইনশাআল্লাহ, তামিম সুস্থ হবে!’ 

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। মাঠে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।