আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। বাংলাদেশ সময় বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে সমর্থকদের মাঝে ছড়িয়েছে উত্তেজনা। কিন্তু গত অর্ধযুগ ধরে আর্জেন্টিনাই একতরফাভাবে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরাচ্ছে। পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে এই তথ্যের।
ছয় বছর আগে সর্বশেষ ২০১৯ সালে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল। সে বছরের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। গোল দুটি করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। এরপর থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৯ সালের নভেম্বরে সৌদিতে প্রীতি ম্যাচেও ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে আনহলে দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ওই বছরের নভেম্বরে কাতার বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ২০২৩ সালের নভেম্বরে দুই দলের সর্বশেষ দেখায় মারামারি ও সংঘর্ষের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১–০ গোলে।
বুধবারের ম্যাচে দুই দলের দুই সুপারস্টার লিওনেল মেসি এবং নেইমার চোটের কারণে খেলবেন না। কাতার বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এখন উড়ছে। অন্যদিকে ছন্নছাড়া ব্রাজিল তাদের দল গোছাতেই ব্যস্ত। আর্জেন্টিনার বিপক্ষে তারা দীর্ঘদিনের জয়খরা ঘুচাতে পারে কিনা- সেটাই এখন দেখার।