ব্যাটিংয়ে ৩৪ বলে ৪০ রানের ইনিংস, বোলিংয়ে ৫ উইকেট; এমনই কীর্তিময় দিন কাটিয়েছেন সামিউন বশির রাতুল। নিজেদের তরুণ অলরাউন্ডারের এ নৈপুণ্যে ভর করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭২ রানের বিশাল জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস বোর্ডে তোলে ৬ উইকেটে ২৯৮ রান। মিরপুরে এদিন ব্যাটে রানের দেখা পাননি সাইফ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল জয়রা। শুরুর দিকে রান তোলেন তানজিদ তামিম, করেন ৫৯ বলে ৬১ রান। মাঝে আফিফ হোসেনের ২৯ রানের পর হাল ধরেন জাকির আলী অনিক। রাতুলের সঙ্গে মিলে জুটি গড়েন ৯১ রানের। ৮৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকির। শেষে ১৫ বলে ৩৫ রানের অপরাজিত ক্যামিও রান করেন শেখ মেহেদি হাসান।
বড় লক্ষ্যে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবদুল মজিদ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ৭৭ বলে ৪৫ রান করেন তিনি। এছাড়া আরিফুল হকের ব্যাটে আসে ২৫ রান। বল হাতে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব রাখেন রাতুল। ৩ মেডেন ও ২৭ রানের খরচায় ধরেন ৫ শিকার। জোড়া উইকেট পান তানজিম সাকিব ও তানভির ইসলাম। ৯ পয়েন্ট নিয়ে লিজেন্ডস রইলো টেবিলের ৬ষ্ঠ অবস্থানে।