‘ধীরে ধীরে আমরা বড় টিম অইমু’

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

আর কয়েকঘন্টা পরই এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। শিলংয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। এই ম্যাচের প্রধান আকর্ষণ হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকার আজই আন্তর্জাতিক অভিষেক হবে। মাঠে নামার আগে হামজা শোনালেন নিজের স্বপ্ন আর অনুভূতি।

এই ম্যাচ সামনে রেখেই কয়েকদিন আগে হামজা এসেছেন বাংলাদেশে। তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছে পুরো দেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম অনুশীলনের সময় দর্শকদের হামজা হামজা চিৎকারে কানে তালা লাগার জোগার হয়েছিল। সেই অনুভূতি নিয়ে হামজা বলেন, ‘খুব ভালো লেগেছে, খুব ভালো। গর্বিত অনুভব করছিলাম। এটা আমার জন্য বড় সারপ্রাইজ ছিল। ভিন্ন কন্ডিশন। ভালো লাগছে।’

ফুটবলে বাংলাদেশ গোটা বিশ্ব থেকেই অনেক পিছিয়ে আছে। হামজা স্বপ্ন দেখেন, তার প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা আর সবার প্রচেষ্টা মিলিয়ে বাংলাদেশ একদিন বড় দল হয়ে উঠবে, ‘ইনশাল্লাহ। আমি এখানে একেবারেই নতুন। আমি সবাইকে অবশ্যই আমার প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা বলছি এবং বলব। আমার সতীর্থরা দারুণ। কোচেরা আছেন। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা বড় টিম অইমু।’

সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে এই আলাপচারিতায় দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন হামজা। অল্প সময়ে এসে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, সেটা যেন ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, ‘এটা বলা খুবই কঠিন। আমার অনুভূতি ব্যখ্যা করতে পারব না। অসাধারণ অনুভূতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত