নেত্রকোনায় সাড়ে তিন হাজার কেজি সরকারি চাল জব্দ

নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।

জানা গেছে, সোমবার রাতে সেনাবাহিনীর ৬৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুদ করা ৯৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জিয়া আহমেদের গুদামে ৫৬ বস্তায় রাখা ২ হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এ সময় জিয়া আহমেদকে আটক করা হয়।