টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার কক্ষে তালা দিয়েছে এলাকাবাসী। গত সোমবার বিকেলে পরিষদের সচিব ও চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এদিকে গতকাল মঙ্গলবার সকালে পরিষদ চত্বরে চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে ওই পরিষদের ভিজিএফের চাল বিতরণের নির্ধারিত তারিখ থাকার কারণে ইউএনওর হস্তক্ষেপে সচিব ও সহকারীর কক্ষ খুলে দেওয়া হয়।
এর আগে গত রবিবার চেয়ারম্যান মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধর করেন। সোমবার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন তা আমি জানতাম না। আমাকে ছোট করতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি পক্ষ ভিডিওটি কেটেছেঁটে উপস্থাপন করছে।’