ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) খুলনার কয়রা উপজেলা উপসহকারী প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে ৫ বছরের সশ্রম কারাদ- দিয়েছে। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেপ্তার হন এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এসএম হাবিবুল্লাহর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।