সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গতকাল বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : নগরীর গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা ইউনিট, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, কেসিসির প্রশাসক ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা।
রাজশাহী : সকালে কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান প্রমুখ। সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।
রাজবাড়ী : সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোসেড বধ্যভূমি এবং নিউ কলোনিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল আজিজ খুশির কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, রাজবাড়ী পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সদর হাসপাতাল, রাজবাড়ী বর্ষবরণ উদযাপন পর্ষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মুন্সীগঞ্জ : শহরের পুরাতন কাচারী এলাকার মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে গতকাল সকালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের মাঠপাড়া এলাকায় অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ হয়েছে। বেলা ১১টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
ঝিনাইদহ : গতকাল সকালে শহরের শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এ সময় ডিসি আব্দুল আওয়াল, পুলিশ সুপার মনজুর মোরশেদ উপস্থিত ছিলেন। এরপর শহরের পায়রা চত্বর থেকে জেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
গাজীপুর : সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গাজীপুরের ডিসি নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গাজীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ বরকত স্টেডিয়ামে শরীরচর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। তাছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, জাতীয় বিবিদ্যালয়, উন্মুক্ত বিবিদ্যালয়, গাজীপুর কৃষি বিবিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিবিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিবিদ্যালয় নানা কর্মসূচি পালন করে।
পঞ্চগড় : সকাল ৯টার দিকে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বেলা ১১টার দিকে সরকারি অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, নজরুল ইসলাম প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : গতকাল সকাল ৯টায় রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্যারেড ও কুচকাওয়াজ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ও কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। পরে একই স্থানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর (দিনাজপুর) : সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভা বিএনপি, হিলি স্থলবন্দরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বড়াইগ্রাম (নাটোর) : সকালে শহরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম প্রমুখ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, বিএনপি, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আখাউড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপজেলার দরুইন গ্রামে সমাহিত বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধি এবং টানমান্দাইলে ’৭১-এর গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মুরাদনগর (কুমিল্লা) : সকালে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সিংড়া (নাটোর) : গতকাল সকাল ৬টায় সিংড়া স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।