চলতি আইপিএল শুরুর আগে বেশ কয়েকটি নতুন নিয়ম এসেছে, পরিবর্তন হয়েছে পুরনো কিছু নিয়ম। এর মাঝে অন্যতম হলো দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তন। গতকাল বুধবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে প্রথমবার সেই নিয়মের প্রয়োগ দেখা গেল। নাইট রাইডার্সকে হারাতে মরিয়া রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ সবরকম চেষ্টা করেও সফল হতে পারেননি।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে বলে গ্রিপ করতে সমস্যা হয় বোলারদের। তাই এবার নতুন নিয়ম হয়েছে যে দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর বল পরিবর্তন করা যাবে। বোলিং দলের অধিনায়কের অনুরোধের পর আম্পায়ার যদি মনে করেন বল পরিবর্তন করা উচিত, তাহলেই এই আইনের বাস্তবায়ন হবে। যত ওভারের পর বল পরিবর্তন করা হবে, তত ওভার পুরনো বলই দেওয়া হবে। সেই বল শুকনো হওয়ায় বোলারদের গ্রিপ করতে সুবিধা হবে।
এবারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে সেই নিয়মের ব্যবহার হয়নি। একটি বলেই খেলা হয়েছে। কিন্তু বুধবার গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক পরাগ বল পরিবর্তনের অনুরোধ করেন। সেই অনুরোধ মেনে ১৬ ওভারের পর বল পরিবর্তন করেন আম্পায়ার। পরাগ ভেবেছিলেন শুকনো বল দিয়ে নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ফিরবেন, কিন্তু বাস্তবে বল পরিবর্তনের পর ৯ বলেই খেলা শেষ হয়ে যায়।
দুই বলের এই নিয়ম চালু করার পরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এতে অন্তত বোলারেরা কিছুটা হলেও সুবিধা পাবেন। কারণ, শিশির পড়ল বল সাবানের মতো হয়ে যায়। বোলারদের তখন আর কিছু করার থাকে না। আবার অন্য অংশের মতে, এই নিয়মের ফলে যে দল রান তাড়া করছে তাদের সঙ্গে অন্যায় করা হবে। কারণ, নতুন বল পুরনো বলের মতো ব্যবহার করবে না। খেলার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হবে।
উল্লেখ্য, গতকালের ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করেছিল রাজস্থান। জবাবে কুইন্টন ডি’ককের ৬১ বলে অপরাজিত ৯৭ রানের ঝড়ে ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় নাইট রাইডার্স