ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত? 

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। দেড় মাসের সেই সফরে পাঁচটি টেস্ট খেলবে দুই দল। তবে মর্যাদার সাদা পোশাকের এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে সাম্প্রতিককালে পারফরম্যানসের কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে রোহিত ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে দলের আরেক অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি তার জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রোহিতের ব্যাটিং ছিল হতাশাজনক। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ছিল মাত্র ৩১ রান। এমনকি সিরিজের শেষ টেস্টে নিজেই সরে দাঁড়ান তিনি। 

আগামী ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফর। ২০০৭ সালের পর ইংল্যান্ডে প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ভারত ‘এ’ দল ইংল্যান্ড ‘লায়ন্স’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ম্যাচটি ৩০ মে কেন্টের দ্য স্পিটফায়ার গ্রাউন্ড, সেন্ট লরেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ জুন নর্থ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে।

এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত। ২০, ২১ ও ২৩ মে হবে প্লে-অফ পর্ব, আর ফাইনাল হবে ২৫ মে। ফলে আইপিএলের নকআউটের আগে বা ঠিক পরেই ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হতে পারে। 

চলতি ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা করুণ নায়ার ভারতের ‘এ’ দলে জায়গা পেতে পারেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। রণজি ট্রফিতে নয় ম্যাচে ৮৬৩ রান করেছেন, গড় ৫৪। চারটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি ফিফটি। তার অসাধারণ পারফরম্যান্সে বিদর্ভ শিরোপা জিতেছে রঞ্জি ট্রফিতে। 

এক নির্বাচক জানিয়েছেন, ’নকআউট পর্বের আগেই দল ঘোষণা করা হতে পারে। ততদিনে স্পষ্ট হয়ে যাবে, কারা ইংল্যান্ড সফরের জন্য ফিট এবং প্রস্তুত।’ 

টেস্ট দলে রোহিত থাকবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে টেস্ট ব্যর্থতা পেছনে ফেলে ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।