রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে আর্সেনাল

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ফিরল রেনি স্লেগার্সের দল। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি। 

বুধবার এমিরেটস স্টেডিয়ামে ঐতিহাসিক এ জয়ে বড় অবদান রাখেন আলেসিয়া রুশো। জোড়া গোল করার পাশাপাশি আরও দুটি গোল করেছিলেন, যা পরবর্তীতে ভিএআরের মাধ্যমে অফসাইডের কারণে বাতিল হয়। চলোই কেলির দুর্দান্ত দুই অ্যাসিস্টের সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড মারিওনা কালদেনতেও নাম লেখান স্কোরশিটে। 

প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর এভাবে ঘুরে দাঁড়ানো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আর্সেনালের জন্য বিরল এক কীর্তি। এর আগে ২০০৪ সালে টোরেসের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল দলটি। 

দুর্দান্ত প্রত্যাবর্তনে মুগ্ধ সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্টেফ হটন। বিবিসি রেডিও ৫ লাইভে তিনি বলেন, ‘ওই ১৩ মিনিটের ঝড়ে আর্সেনাল পুরোপুরি রিয়াল মাদ্রিদকে ছিন্নভিন্ন করে দেয়। এই পর্যায়ে এভাবেই খেলতে হয়, তারা অসাধারণ ছিল।’ 

ম্যাচ শেষে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গ্যালারিতে গান, পতাকা আর স্কার্ফ উড়িয়ে উদযাপন করেন তারা। এক সপ্তাহ আগে স্পেনে নিষ্প্রভ পারফরম্যান্সের পর এমিরেটসে ছিল একেবারে নতুন এক আর্সেনাল। রেনি স্লেগার্সের দল চাপ তৈরি করে, রক্ষণভাগকে পরীক্ষা নেয়, আর আক্রমণভাগে রুশোর নিখুঁত ফিনিশিং এনে দেয় কাঙ্ক্ষিত ফলাফল। 

সাবেক ইংল্যান্ড গোলরক্ষক ক্যারেন বার্ডসলে বলেন, ‘রেনি স্লেগার্সের মাস্টারপ্ল্যান সফলভাবে কার্যকর করেছে আর্সেনাল। প্রথমার্ধে প্রচুর সুযোগ তৈরি করেছিল তারা, আর দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়েছে। রিয়াল মাদ্রিদের কিছুই করার ছিল না।’ 

প্রথমবারের মতো আর্সেনালের হয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রুশো। তবে দুইবার ভিএআরের কারণে গোল বাতিল হয়েছে। তবুও দলের জয় নিশ্চিত করায় সন্তুষ্ট এই ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না আমরা সেমিফাইনালে। এমিরেটসে খেলাটা সবসময়ই দারুণ, এই জয় অসাধারণ অনুভূতি দিচ্ছে।’ 

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ছয় গোল করেছেন রুশো, সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ১৭। মৌসুমের শুরুতে সমালোচিত হলেও সেমিফাইনালে দলকে তোলার পথে তার নৈপুণ্য প্রশংসিত হয়েছে সব মহলে। 

এগারো বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপার পথে আর্সেনাল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব লিওন, যাদের কোচ আবার আর্সেনালের সাবেক ম্যানেজার জো মন্টেমুরো। তবে রুশো-কেলিদের অসাধারণ ফর্মে ভর করে আর্সেনাল এখন স্বপ্ন দেখতেই পারে ইউরোপের সেরা হওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত